ইরানে ফের বোমা হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরান যদি নতুন করে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও বোমা হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় ভার্জিনিয়ার নরফোক নৌ ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই হুমকি দেন।

তেহরানের সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘যদি তারা এটি করে, তাহলে আমাদেরও ব্যবস্থা নিতে হবে।’

ঘাঁটিতে উপস্থিত নাবিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা এটি করতে চান, ঠিক আছে। তাহলে আমরাও ব্যবস্থা নেব এবং এবার আর বেশি অপেক্ষা (হামলার জন্য) করব না।’

গত ২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় পরিচালিত মার্কিন বিমান হামলা (অপারেশন মিডনাইট হ্যামার) নিয়ে সন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমেরিকান বি-২ বোমারু বিমান এবং সাবমেরিন থেকে উৎক্ষেপিত টমাহক ক্ষেপণাস্ত্র প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।’

প্রতিবেদন অনুযায়ী, ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক-সম্পর্কিত স্থাপনাগুলোর বিরুদ্ধে ইসরাইলি বিমান হামলার পর যুক্তরাষ্ট্র এই অভিযান চালায়। ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি গুরুত্বপূর্ণ ইরানি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা পরিচালিত হয়।

অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেন, ‘বি২, সেই সুন্দর উড়ন্ত ডানা; তারা যা করেছে, তারা প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। আমরা একটি সাবমেরিন থেকে ৩০টি টমাহক ছুড়েছি।’

তার দাবি, ওই হামলার আগে ইরান এক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করছিল, আর মার্কিন বাহিনী তেহরানকে সেই সীমা অতিক্রম করতে বাধা দেয়।

ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) এক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছিল এবং এখন তারা আবারও সেই কার্যক্রম শুরু করতে পারে। কিন্তু আমি আশা করি তারা তা করবে না, কারণ যদি তারা এটি করে তবে আমাদেরও ব্যবস্থা নিতে হবে। আমি তাদের বিষয়টি জানিয়েছি।’
 

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।