পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ মায়ের

নড়াইলের কালিয়া উপজেলায় একটি পুকুর থেকে তাসলিমা খানম (১৫) ও কাওসার শেখ (৮) নামের ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যু দুর্ঘটনায় নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন তাদের মা বেবী বেগম।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার শিবানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাসলিমা খানম (১৫) ও কাওসার শেখ (৮) শিবানন্দপুর গ্রামের আজিবার শেখের সন্তান।

তাসলিমা বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণি এবং কাওসার শিবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এই শিশুদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী নাহার বেগম গতকাল বিকেলে তাসলিমা ও তার ভাই কাওসারকে প্রতিবেশী দাউদ মীরের বাড়ির পেছনের পুকুরের দিকে যেতে দেখেন। সন্ধ্যা ঘনিয়ে এলেও তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয় লোকজন পুকুরপাড়ে তাসলিমার ওড়না দেখে পুকুরে নেমে খোঁজ করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে পুকুর থেকে দুই ভাই–বোনের লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন।

তবে দুই সন্তানের মৃত্যু দুর্ঘটনায় নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন তাদের মা বেবী বেগম। তিনি বলেন, ‘আমার মেয়ে সাঁতার কাটতে জানে, তারা পুকুরে ডুবে মরতে পারে না। আমার স্বামী ও তার ভাইয়েরা মারধর করে আমাকে আট থেকে নয় মাস আগে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পরে আমার স্বামী আবার বিয়ে করেছে। পরিকল্পিতভাবে আমার সন্তানদের হত্যা করে পুকুরের পানিতে ফেলে এখন দাবি করেছে, ডুবে মারা গেছে।’

তবে শিশুদের বাবা আজিবার শেখ দাবি করেন, তার ছেলে-মেয়ে কেউ সাঁতার জানত না, পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গিয়েছে তারা।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত শিশুদের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।