দ্বিতীয় শ্রেণির ছাত্রী বই-খাতা ছেড়ে হাতে নিতে হলো ভিক্ষার থালা

দিনমজুরি করে কোনোমতে সংসার চালাতেন সিরাজ আলী। কিন্তু একসময় মাদকাসক্ত হয়ে পড়লে সবকিছু ভেঙে যায়। নেশার টানে তিনি সদ্যজাত সন্তানকেও বিক্রি করে দেন। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন স্ত্রী লতা আক্তার। স্বামীর নির্যাতন আর অনিশ্চিত জীবনযাপন সহ্য করতে না পেরে দেড় বছর আগে দুই সন্তানকে ফেলে বাবার বাড়ি চলে যান তিনি। এরপর থেকেই সিরাজ আলীও উধাও হয়ে যান।

বাবা-মা দুজনের অনুপস্থিতিতে অসুস্থ দাদিকে নিয়ে নিঃস্ব জীবনে টিকে থাকার লড়াই শুরু করেছে শিলা আক্তার (১২) ও লুৎফর রহমান (৫)। ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই দুই ভাইবোনই এখন ভিক্ষা করে নিজেদের আর পক্ষাঘাতগ্রস্ত দাদির মুখে খাবার তুলে দেয়।

একসময় দিনমজুরের কাজ করে সংসার চালাতেন সিরাজ আলী। কিন্তু মাদকের নেশা তাঁকে পুরোপুরি বিপর্যস্ত করে ফেলে। সংসারে নেমে আসে অশান্তি, অভাব ও অনাহার। একপর্যায়ে মাদক কেনার টাকায় সদ্যজাত সন্তান বিক্রি করেন তিনি। এরপর থেকে তাঁর ভিটেমাটিতে পড়ে আছে শুধু একটি জরাজীর্ণ টিনের ঘর, নেই জমি বা অর্থ-সম্পদ।

কখনো স্কুলে যেত শিলা আক্তার, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল সে। এখন বই-খাতা ছেড়ে হাতে নিয়েছে ভিক্ষার থালা। ছোট ভাই লুৎফরকে সঙ্গে নিয়ে গ্রাম-গ্রামান্তরে ঘুরে যা পায়, তাই দিয়ে চলে তাদের খাবার আর অসুস্থ দাদির চিকিৎসা।

শিলা কাঁদতে কাঁদতে বলে, “আমার খুব ইচ্ছে করে পড়ালেখা করতে। কিন্তু দাদিকে দেখার কেউ নেই, তাই আমাকেই ভিক্ষা করতে হয়।”

সিরাজ আলীর বোন মিনু আক্তার জানান, “আমার ভাই মানসিকভাবে অসুস্থ। দুই বছর ধরে কোনো খোঁজ নেই। ভাবিও চলে গেছে শিলা আর লুৎফরকে ফেলে। মা পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে আছেন। বাচ্চাগুলোর দেখার কেউ নেই। আমরা নিজের সংসারেই হিমশিম খাই, কী করব বলুন?”

স্থানীয় ভ্যানচালক মতিন বলেন, “সাধ্যমতো সাহায্য করি, কিন্তু সবসময় পারা যায় না। দুই শিশু নিজেরাই এখন পুরো সংসার চালাচ্ছে, ওদের অবস্থা খুব খারাপ।”

পক্ষাঘাতগ্রস্ত দাদি বেগম কথা বলতে না পারলেও তাঁর চোখের পানি ও মুখের কাঁপুনিতে ফুটে ওঠে অসহায়তার গভীরতা। নাতি-নাতনিদের জন্য কিছুই করতে না পারার কষ্ট তাঁকে ভেতর থেকে গলিয়ে দিচ্ছে।

রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মুক্তা জানান, “ঘটনাটি জানার পর আমরা পরিষদের পক্ষ থেকে সহায়তার ব্যবস্থা নিচ্ছি। যতটা সম্ভব সহযোগিতা করা হবে।”

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।