পুুলিশকে বানরের মতো নাচানো হচ্ছে-ওসি হাবিবুল্লাহ

পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো। রিকশাওয়ালার কাছে মার খায়, বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে পুলিশকে। 

এমন ক্ষোভ প্রকাশ করেছেন কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুল্লাহ খান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে থানায় উপস্থিত কয়েকজন স্থানীয় সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জানা গেছে, গত ৭ অক্টোবর কটিয়াদী মডেল থানায় এক পিকনিকের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ওসি তদন্তসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হলে বৃহস্পতিবার রাতে কয়েকজন সাংবাদিক থানায় গিয়ে ওসি তদন্তের শারীরিক অবস্থার খোঁজ নেন।

তবে সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে ওসি তদন্ত বলেন, “আমি অসুস্থ ছিলাম কখন? যিনি রিপোর্ট করেছেন, তাকে জিজ্ঞেস করুন। থানায় পিকনিক হলে সেটা কি নিউজ করার বিষয়? নিজের টাকায় খাওয়ার অধিকার তো আছে, কারো কাছ থেকে চাঁদা নিইনি।”

পরে সাংবাদিকরা বিদায় নিতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো। রিকশাওয়ালার কাছে মার খায়, বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের। আমি অন্য চাকরির চিন্তা করছি।”

তবে পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করার বিষয়টি অস্বীকার করেন হাবিবুল্লাহ খান।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, “এভাবে কথা বলা কোনো কর্মকর্তার জন্যই সমীচীন নয়। বিপক্ষে সংবাদ প্রকাশ হলে সাংবাদিকদের প্রতি ক্ষোভ দেখানো অনুচিত। তিনি যদি এমন মন্তব্য করে থাকেন, তাহলে অবশ্যই বিষয়টি দেখা হবে। চাকরি করবেন কি করবেন না, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়।”

উল্লেখ্য, কটিয়াদী থানার পিকনিকে অসুস্থ হওয়া পুলিশের মধ্যে ছিলেন ওসি তদন্ত মো. হাবিবুল্লাহ খান, এসআই বাছেদ মিয়া, কনস্টেবল উজ্জ্বল মিয়া, কাওসার মিয়া, সাদ্দাম হোসেন, সোহাগ মিয়া, সাথী আক্তার ও ওয়াসিমসহ আরও কয়েকজন সদস্য।

খবরওয়ালা/আশ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।