বকেয়া বেতনসহ ১০ দাবিতে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শেফার্ড গ্রুপের শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কাঠালী এলাকায় প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত দাবি পর্যালোচনা ও সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন এখনও পরিশোধ করা হয়নি। প্রতি মাসের বেতন নির্ধারিত সময়ে প্রদান, ওভারটাইমের হার পূর্বের মতো ৬৮ শতাংশে বহাল রাখা, হাজিরা বোনাস বৃদ্ধি, টিফিন বিল বাড়ানো এবং অবসরোত্তর পেনশন ও ফান্ডের টাকা দ্রুত পরিশোধসহ ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলনে নেমেছেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে। ফলে জীবনযাপন ক্রমেই কষ্টকর হয়ে উঠেছে। শ্রমিকরা বলেন, প্রশাসনের আশ্বাস অনুযায়ী যদি তাদের দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হয়, তবে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন।

কারখানা কর্তৃপক্ষ জানায়, সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২০ তারিখে দেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।