অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
ময়মনসিংহ থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসে উঠে যাত্রীদের চমকে দেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও অভিনেতা ডা. এজাজুল ইসলাম।
গাজীপুর চৌরাস্তা থেকে বাসে ওঠেন তিনি। সিট না পেয়ে নির্দ্বিধায় চালকের পাশে থাকা ছোট বসার জায়গায় বসে পড়েন। বাসে থাকা এক যাত্রী সিট ছেড়ে দিতে চাইলেও ডা. এজাজুল ইসলাম তা গ্রহণ করেননি। পরবর্তীতে অন্য যাত্রীরাও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সিট ছেড়ে দিতে চাইলেও তিনি হাসিমুখে ধন্যবাদ জানিয়ে নিজের জায়গাতেই বসে থাকেন।
ওই যাত্রী ফেসবুকে লিখেছেন, আজ সকালে ময়মনসিংহ রাজিব বাসে ঢাকা আসছিলাম। গাজীপুর চৌরাস্তা থেকে ডা.এজাজুল ইসলাম বাসে ওঠেন। আগে উনার সম্পর্কে অনেক পজিটিভ কথা শুনেছি। আজ নিজ চোখে দেখলাম উনার সাধারণ চলাফেরা। সিট না পেয়ে ড্রাইভারের সাথের বসার জায়গায় বসছিলেন। আমি আমার সিট ছেড়ে উনাকে বসতে বললাম, উনি বসলেন না, ওখানেই বসলেন। বাসে আরো অনেকেই উনার সম্মানে সিট ছেড়ে উনাকে বসতে বললেও উনি ওখানেই বসলেন। বরং আমার সাথের সিট খালি হওয়ায় আবারো উনাকে ডাকলাম, উনি উনার পাশের আরেকজনকে বসতে বললেন।
তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতাল বা রাস্তায় ডাক্তারের সাথে হাটা বা কথা বলা অথবা বসা অকল্পনীয়, অথচ উনি এত বড় ডাক্তার গুণী অভিনেতা হয়েও এত সাধারণ চলাফেরা বাসের সবাইকে বিমহিত করেছে। আসলে সত্যিই উনি গরিবের ডাক্তার।
পোস্টটি শেয়ার হওয়ার পর মুহূর্তেই নেটদুনিয়ায় তা ছড়িয়ে পড়ে। অনেকেই এই পোস্টে প্রশংসা জানিয়ে লিখেছেন, এটাই একজন প্রকৃত তারকার পরিচয়। অন্য একজন মন্তব্য করেছেন, এমন মানুষরা সমাজে আলোর দিশা দেখান।
খবরওয়ালা/শরিফ