খবরওয়ালা খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট হয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টমি হেমিংয়ের তৈরি করা কালো মাটির নতুন উইকেটে খেলেছে বাংলাদেশ, যা ম্যাচ শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। অনেকেই উইকেটটিকে ‘রহস্যঘেরা’ বলে আখ্যা দিয়েছেন।
এই নতুন উইকেটে প্রথম ইনিংসেই দেখা যায়, ব্যাটিং করা সহজ হলেও রান তোলা ছিল কঠিন। বাংলাদেশ ইনিংসে শুরুতেই ৮ রানে দুই উইকেট হারায়। এরপর তিনে নামা নাজমুল হোসেন শান্ত ৬৩ বল খেলে ৩২ রান করেন, তার ব্যাট থেকে আসে মাত্র দুটি চার। চারে নামা তাওহীদ হৃদয় ৯০ বল খেলে করেন ৫০ রান, তিনটি চার আসে তার ব্যাটে। মাহিদুল ইসলাম অঙ্কন ৭৬ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন, তারও তিনটি চার ছিল ইনিংসে।
কাপ্তান মেহেদী হাসান মিরাজ ছয়ে নেমে ২৭ বলে ১৭ রান করেন। দলকে বড় স্কোরে নিয়ে যেতে শট খেলার চেষ্টা করলেও সফল হতে পারেননি। অঙ্কনও দলের প্রয়োজনে ঝুঁকি নিতে গিয়ে ফিফটি মিস করেন।
পুরো ইনিংসে বাংলাদেশ ৩০০ বলের মধ্যে ২৯৮ বল খেলতে পেরেছে। এর মধ্যে ১৮৩টি বল ছিল ডট, অর্থাৎ ৬১ দশমিক ৪১ শতাংশ বলেই কোনো রান আসেনি। মাত্র ১১৫ বল থেকে এসেছে সব রান। ইনিংসে মোট ১৬টি চার ও তিনটি ছক্কা এসেছে—শেষের দিকে লোয়ার অর্ডারের ব্যাটার রিশাদ হোসেন ও তানভীর ইসলাম মিলে এই ছক্কাগুলো হাঁকান।