ভারতের মহারাষ্ট্রে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক গভীর খাদে পড়ে অন্তত আটজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সকালে নানদুরবার জেলার চান্দসাইলি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে তলোদা থানার অন্তর্গত ঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৪০ জন আরোহী নিয়ে একটি মিনি ট্রাক তীর্থস্থান থেকে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় আট যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন। তাদেরকে নানদুরবারের উপজেলা ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিচয় পাওয়া গেছে—গণেশ ভিল, ভূষণ গোসাভি, পবন মিস্ত্রি, বাপু ধাঙ্গার, চেতন পাটিল, যোগেশ ঠাকরে, রাহুল মিস্ত্রি ও হিরালাল ভিল।
পুলিশ জানিয়েছে, চালক বিলাস দেশলের বিরুদ্ধে অবহেলাজনিত ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।



