খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
ভৈরব রেলওয়ে স্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) রাতে ভৈরব রেলওয়ে থানায় এ মামলা দায়ের করা হয়।
আটকরা হলেন— মো. সাজন (১৭), মো. ফাহিম (১৮) ও এক কিশোর (১৭)।
এজাহার সূত্রে জানা যায়, ভৈরবকে ৬৫তম জেলা ঘোষণার দাবিতে ‘পল্লী জাগরণী সংঘ’ নামের একটি স্থানীয় সংগঠনের ২০০–২৫০ জন সদস্য ব্যানার ও ফেস্টুন নিয়ে ভৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজ সংলগ্ন রেললাইন অবরোধ করেন। এ সময় ঢাকামুখী উপকূল এক্সপ্রেস ট্রেন চলতে শুরু করলে অবরোধকারীদের মধ্যে ১০০–১৫০ জন দলবদ্ধভাবে আতঙ্ক সৃষ্টি করে ট্রেনের ইঞ্জিন ও বগির দিকে ইট-পাথর নিক্ষেপ করেন। এতে যাত্রীদের মধ্যে ভয়ভীতি ও বিশৃঙ্খলা দেখা দেয়।
ঘটনায় ট্রেনের ইঞ্জিনের হেডলাইট, লুকিং গ্লাস, সাইড গ্লাস, গার্ডরুমের গ্লাস এবং খাবার বগির গ্লাসসহ বিভিন্ন স্থানে ক্ষতি হয়। আনুমানিক দেড় লাখ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানা গেছে।
রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ বলেন, জেলা ঘোষণার দাবিতে ট্রেন অবরোধের সময় হঠাৎ ট্রেনে বৃষ্টির মতো পাথর ছোড়া হয়। ভিডিও ছড়িয়ে পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষয়ক্ষতি ও যাত্রীদের আতঙ্ক সৃষ্টির ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়। এরপর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ বলেন, সোমবারের ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
খবরওয়ালা/টিএসএন