সাগরে মাছ ধরতে গিয়ে ৭ জেলে আটক করেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপজেলার কায়ুকখালী ঘাট থেকে সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ সাত জেলেকে আটক করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। 

আটক জেলেদের মধ্যে ৫ জন বাংলাদেশি ও ২ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

গতকাল বুধবার সকালে সেন্ট মার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগরের ‘সীতা’ নামক এলাকা থেকে মাছ ধরার সময় ট্রলারটি আটক করা হয়।

কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর মাছ ধরতে গিয়ে জেলেরা বারবার আরাকান আর্মির হামলার মুখে পড়ছেন। তিনি বলেন, “বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেই আরাকান আর্মি অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করছে। বুধবার শাওন নামের এক ব্যক্তির মালিকানাধীন ট্রলারসহ সাতজন মাঝিমাল্লা ও মাছভর্তি নৌকাটি তারা ধরে নিয়ে যায়।”

বিজিবির তথ্যমতে, গত আট মাসে নাফ নদ ও আশপাশের সাগর এলাকা থেকে অন্তত ২৩৯ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে ১২৪ জনকে মুক্ত করা গেলেও এখনো ১১৫ জন নিখোঁজ রয়েছেন।

এর আগে গত সোমবারও চার জেলেসহ আরেকটি মাছ ধরার নৌকা আটক করেছিল একই সশস্ত্র গোষ্ঠী।

এদিকে, রাখাইনভিত্তিক আরাকান আর্মির নিয়ন্ত্রিত ওয়েবসাইট ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’ এ আটক নৌকা ও জেলেদের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, মংডু টাউনশিপের রাজাগ্রাম উপকূল থেকে মাছ ধরার সময় একটি কাঠের ট্রলার আটক করা হয়। ট্রলার থেকে তিনটি মাছ ধরার জাল ও প্রায় ২৬০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

আরাকান আর্মি জানিয়েছে, বাংলাদেশি নৌকাটি মিয়ানমারের জলসীমা অতিক্রম করায় সেটি আটক করা হয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।