খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর ২০২৫
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই তথ্য শনিবার (১ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে গবাদি পশু (গরু-মহিষ), ইয়াবা ট্যাবলেট, ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, মশলা, চিনি, কমপ্লিট ড্রেসের কাপড়, চকলেট, কসমেটিকস, বাইসাইকেল, কম্বল ও মোবাইল ফোন।
বিজিবি জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণপুর বিওপি এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের তথ্যের প্রাপ্তির পর তাদের একটি বিশেষ টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাস্টারপাড়া এলাকা থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী তারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করে সীমান্তে মাদক ও চোরাচালান রোধে কাজ করে। এ নীতি অনুসরণের ফলে গত এক মাসে মোট ২ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্তবর্তী এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনমনে আস্থা বৃদ্ধির জন্য বিজিবি সীমান্ত ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।