খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর ২০২৫
নারী বিশ্বকাপে দেখা মিলল নতুন চ্যাম্পিয়নের। হিসাবটা সহজ ছিল না দক্ষিণ আফ্রিকার জন্য। জয় পেতে হলে রেকর্ড গড়তে হতো প্রোটিয়াদের। দাপুটে সূচনা করেও শেষ পর্যন্ত সেই সমীকরণ মেলাতে পারেনি তারা। লরা ওয়লভার্টদের বিপক্ষে ৫২ রানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত।
নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শেফালি বর্মা ও দিপ্তী শর্মার ব্যাটে ভর করে ভারত তোলে ২৯৮ রান। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এর আগে কোনো দল ১৬৭ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিততে পারেনি। এছাড়া দক্ষিণ আফ্রিকাও কখনো এত বেশি রান তাড়া করে জয়ের স্বাদ পায়নি। ফলে তাদের সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ। ২০০ রান অতিক্রম করলেও শেষ পর্যন্ত থেমে যায় তাদের ইনিংস ২৪৬ রানে।
প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি ভারত। ১০ ওভারে বিনা উইকেটে তোলে ৬৪ রান। শেফালি ও স্মৃতি মান্ধানার উদ্বোধনী জুটি ভাঙে ১০৪ রানে, স্মৃতি আউট হলে। আউট হওয়ার আগে বাঁহাতি এই ব্যাটার করেন ৪৫ রান।
এই জুটি নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতের সর্বোচ্চ উদ্বোধনী পার্টনারশিপের রেকর্ড গড়ে।
এরপর শেফালি ব্যাট চালিয়ে যান সেঞ্চুরির পথে। ৬ রানে জীবন পেলেও দ্বিতীয়বার ক্যাচ তুলে দিয়ে ফেরেন ৮৭ রানে। ৭টি চার ও ২টি ছক্কায় সাজান তার ইনিংস।
জেমিমাহ রদ্রিগেজ থিতু হয়েও করতে পারেননি বড় ইনিংস; ফেরেন ২৪ রানে। অধিনায়ক হারমানপ্রীত কৌর করেন ২০ রান এবং আমানজোত কৌর যোগ করেন ১২ রান।
২৪৫ রানে ৫ উইকেট হারানোর পর দিপ্তী শর্মা ও রিচা ঘোষ ইনিংস মেরামতের দায়িত্ব নেন। তাদের জুটি থেকে আসে ৪৭ রান। রিচা আউট হন ৩৪ রানে, আর দিপ্তী শেষ বলে রান আউট হওয়ার আগে করেন ৫৮ রান। ফলে ভারত পায় ২৯৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি। দক্ষিণ আফ্রিকার পক্ষে আয়াবঙ্গা খাকা নেন সর্বোচ্চ ৩ উইকেট, ৯ ওভারে দেন ৫৮ রান।
লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালো করলেও তাজমিন ব্রিটস ৫১ রানে রান আউট হলে বিপত্তি শুরু হয়। এরপর আনিকা বশ, সুনে লুস, মারিজান কাপ ও সিনাল জাফতা দ্রুত ফিরলে চাপে পড়ে যায় দল। বিশেষ করে আনিকা ডাক মেরে আউট হওয়া ও কাপের মাত্র ৪ রান দলের জন্য বড় ধাক্কা ছিল।
১৪৮ রানে পাঁচ ব্যাটার ফিরে গেলে লরা ওয়লভার্ট ও আনেরি ডের্কসেন চেষ্টা চালান ইনিংস টিকিয়ে রাখতে। কিন্তু দিপ্তীর বলে ডের্কসেন বোল্ড হয়ে ফেরেন ৩৫ রানে। এরপর ওয়লভার্ট আউট হতেই নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার পরাজয়।
৯৮ বলে ১০১ রান করা ওয়লভার্টের এটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। ৪১.১ ওভারে ৭ উইকেট হারিয়ে এখনো ৭৮ রান দূরে ছিল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ২৪৬ রানে।
ভারতের হয়ে দিপ্তী শর্মা ৯.৩ ওভারে নেন ৫ উইকেট। শেফালি বর্মা নেন ২টি উইকেট।
খবরওয়ালা/টিএসএন