খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
বিএনপি নেতাদের বিরুদ্ধে কটূক্তি ও বিষোদ্গারের অভিযোগে নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ করেছে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)। সোমবার (৩ নভেম্বর) রাতে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বিএনপির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন অ্যাকটিভিস্টদের করণীয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে জিয়া সাইবার ফোর্সের নোয়াখালী শাখা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ।
সভায় বক্তারা বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো রাজনৈতিক সুযোগসন্ধানীরা এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তারা আরও বলেন, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু অন্য দলের নেতাদের বিরুদ্ধে কটূক্তি করা অনুচিত—এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। সবাইকে শালীন ভাষায় মত প্রকাশের আহ্বান জানান তারা।
সভায় জিয়া সাইবার ফোর্সের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল বলেন, অদৃশ্য শক্তি এখন দৃশ্যমান হয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অনলাইন অ্যাকটিভিস্টদের উচিত সঠিক তথ্য, ছবি ও প্রমাণসহ জনগণের সামনে সত্য তুলে ধরা। তিনি আরও বলেন, দল যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভা শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠন সম্পর্কে বিভিন্ন সময়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে জিয়া সাইবার ফোর্স ও বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং পরবর্তীতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবি সংবলিত কুশপুত্তলিকা দাহ করেন।
খবরওয়ালা/টিএসএন