খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫
পাকিস্তানি টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সামিয়া হিজাব আবারও আলোচনায় এসেছে। নিজের পোশাক নিয়ে করা এক মন্তব্যের পর তীব্র সমালোচনার মুখে তিনি দেশ ছেড়েছেন।
সাম্প্রতিক একটি ভিডিওতে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সামিয়া বলেন, সময়ের সঙ্গে তার পোশাকের ধরন পরিবর্তন হচ্ছে, তবে এর দায় তার নয়, দায় পাকিস্তানি সমাজের মানসিকতা। তার ভাষ্য, ‘আমার পোশাক ছোট হচ্ছে, কারণ এই জাতির মানসিকতা ছোট।’
ভিডিওতে তিনি পাকিস্তানের জনগণ ও সরকারের বিচারপ্রবণ মনোভাবের সমালোচনা করেন। তিনি বলেন, ‘দেশের মানুষ আর সরকারের মানসিকতা এক; সবাই ভেতরে ভেতরে একই রকম। তাদের কারণে আমার জীবন অসহনীয় হয়ে উঠেছিল।’
সামিয়া হিজাব দাবি করেন, সমাজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও নেতিবাচক মন্তব্যের কারণে তিনি পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছেন।
তিনি নিজের অভিজ্ঞতা ইউটিউবার রাজাব বাটের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন, ‘রাজাব বাটের সঙ্গেও একই কাজ করেছে সবাই। তাকেও বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছে।’
যদিও সামিয়া বিদেশে আছেন বলে নিশ্চিত করেছেন, তবে তিনি এটি অস্থায়ী ভ্রমণ না স্থায়ী দেশত্যাগ কি, তা স্পষ্ট করেননি।
অনেকের মতে, সামাজিক মাধ্যমে চলমান সমালোচনা ও হুমকির কারণে এই টিকটকারকে দেশ ছাড়তে হয়েছে।
খবরওয়ালা/টিএসএন