খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 27শে কার্তিক ১৪৩২ | ১১ই নভেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
অনেকেই বেগুন খেতে ভালোবাসেন। তবে বর্ষার সময় অতিরিক্ত আর্দ্রতা ও বৃষ্টির কারণে বেগুনে পোকা ধরার আশঙ্কা বেড়ে যায়। বাজারে বেগুন কিনতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েন—কোনটি টাটকা, আর কোনটিতে পোকা আছে। তাই আজ জানানো হলো এমন সাতটি সহজ উপায়, যেগুলো অনুসরণ করলে সহজেই বুঝে নিতে পারবেন বেগুনে পোকা আছে কি না।
বিশেষজ্ঞদের মতে, বাজারে বেগুন কেনার সময় প্রথমেই ভালো করে লক্ষ্য করুন বেগুনে কোনো ছিদ্র বা দাগ আছে কিনা। যদি বেগুনের বাইরের অংশ মসৃণ ও দাগমুক্ত হয়, তাহলে তাতে পোকা থাকার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
সবসময় এমন বেগুন বেছে নিন, যেগুলোতে কোনো ফাটল বা কালো দাগ নেই। কারণ ছোট ছোট দাগ বা ছিদ্র থাকা বেগুন সাধারণত ভেতর থেকে পচে যেতে পারে এবং তাতে পোকার উপস্থিতি দেখা দিতে পারে। তাই বেগুন নির্বাচন করার সময় চকচকে ও পরিষ্কার ত্বকবিশিষ্ট বেগুনই নিন।
বেগুন কেনার সময় হালকা করে চাপ দিন। যদি সামান্য ভেতরে ঢুকে যায়, তাহলে বুঝবেন সেটি তুলনামূলক নরম ও বীজ কম। কিন্তু যদি বেগুন শক্ত হয় এবং চাপ দিলে না ঢোকে, তাহলে সেটিতে বেশি বীজ বা পোকার সম্ভাবনা থাকতে পারে। তাই বেগুনের দৃঢ়তা পরীক্ষা করাও জরুরি।
বাজারে বেগুন হাতে তুলে এর ওজনও যাচাই করুন। ভারী বেগুনে সাধারণত বেশি বীজ বা ভেতর থেকে পচে যাওয়ার ঝুঁকি থাকে। তাই বড় কিন্তু হালকা ওজনের বেগুনই বেছে নিন। এ ধরনের বেগুন সাধারণত টাটকা, কম বীজযুক্ত ও খেতেও সুস্বাদু হয়।
বেগুনের বাইরের চামড়ায় নজর দিন। যদি ত্বকে ভাঁজ পড়ে বা সেটি শুকনো ও নিস্তেজ দেখায়, তাহলে বুঝবেন বেগুনটি পুরনো। আবার বেগুনের রং যদি ফিকে বা হালকা মনে হয়, সেটিও টাটকা নয়। গাঢ় রঙের, মসৃণ ও উজ্জ্বল বেগুন কেনাই উত্তম, কারণ এমন বেগুনে পোকা বা পচনের আশঙ্কা কম থাকে।
বেগুনের ডাঁটা দেখাও গুরুত্বপূর্ণ। গোল বা লম্বা যেকোনো বেগুনেই ডাঁটা থাকে। যদি ডাঁটা সবুজ থাকে, তাহলে সেটি টাটকা। কিন্তু কালচে বা শুকনো ডাঁটা মানে বেগুনটি পুরনো, সাধারণত ৩–৪ দিন আগের। এমন বেগুনে পোকার ঝুঁকিও বেশি থাকে।
সবশেষে বেগুনের আকার বিবেচনা করুন। সবসময় ছোট আকারের বেগুন নিন, কারণ বড় বেগুনে সাধারণত বেশি বীজ ও পোকার সম্ভাবনা থাকে। ছোট বেগুন শুধু টাটকাই নয়, এর তরকারি খেতেও বেশি সুস্বাদু হয়। তাই বেগুন কেনার সময় এর মাপের দিকেও নজর দিন।
খবরওয়ালা/টিএসএন