খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত এবং ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মামলা চলছিল। আগামী সোমবার (১৭ নভেম্বর) এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল আজ এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন।
মামলার প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযুক্তদের জন্য সর্বোচ্চ শাস্তি দাবি করলেও, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তার ক্লায়েন্টদের খালাস পাওয়ার আশা প্রকাশ করেছেন। তিনি সংবাদ সম্মেলনে জানান, “আমার কোন অস্বস্তি অনুভব হয়নি, আমি যতটুকু সম্ভব যুক্তি দিয়ে মামলা পরিচালনা করেছি।”
তিন অভিযুক্তের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন একমাত্র গ্রেফতার হয়ে ট্রাইব্যুনালের সামনে হাজির ছিলেন, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখনও পলাতক রয়েছেন।
এই মামলায় ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর, পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।