খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৩৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ হিসেবে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৬ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ হাজার ৯৯৭ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, ঢাকা বিভাগে ২৪৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৮ জন, খুলনা বিভাগে ১১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।
মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন এবং ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ১ হাজার ১৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত চলতি বছরে মোট ৮১ হাজার ৪৪২ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি ছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
খবরওয়ালা/এসএস