খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রোববারও দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কার্যক্রম চালানো হয়েছে। সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়া ও ঢাকার সাভারে দুর্বৃত্তরা সাতটি যানবাহনে আগুন দিয়েছে, যার মধ্যে রয়েছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান এবং একটি অ্যাম্বুলেন্স।
রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেন্ট্রাল রোডে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এছাড়া বাংলামোটর, শ্যামপুর, গাবতলী ও মহাখালীর আমতলা এলাকায়ও ককটেল হামলা হয়, এতে মেহেদী নামের এক ব্যক্তি আহত হন।
এর আগে সকাল ও সন্ধ্যায় নিউ ইস্কাটন রোড, কারওয়ান বাজারসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল হামলার ঘটনা ঘটেছে। গাজীপুর, টঙ্গী ও ফেনীতেও হামলার খবর পাওয়া গেছে। রোববার ভোরে মাদারীপুরের গোপালপুরে গাছ কেটে মহাসড়কে যান চলাচল বন্ধ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রায়ের দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন নাশকতা চালাতে পারে বলে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত এক সপ্তাহে দেশে মোট ৩৬টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ৩০টি বাস, ২টি ট্রাক, ২টি পিকআপ, একটি অ্যাম্বুলেন্স ও একটি কাভার্ড ভ্যান রয়েছে। ময়মনসিংহে আগুনে এক চালক নিহত হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, সোমবারের রায়ের দিন নিরাপত্তা ঝুঁকি নেই। এই ঘটনায় রোববার ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতারা সোমবার রায় ঘোষণার দিন মাঠে থেকে নাশকতা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।