খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর ২০২৫
পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জীবন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টায় সদর উপজেলার রাজাপুর ক্যালিকো কটন মিলের পাশে এ ঘটনা ঘটে। নিহত জীবন হোসেন সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. সুজন হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে জীবনকে ক্যালিকো কটন মিলের পাশে একা পেয়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশে নিয়ে যান।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খবরওয়ালা /এসএস