খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে তিনি ঢাকা ছাড়েন।
শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং তোপধ্বনি দেওয়া হয়। পরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আলাদাভাবে সফররত ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
শনিবার ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনুষ্ঠানিক বৈঠক করেন। সেখানে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেন এবং বাণিজ্য, সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
রবিবার ভুটানের প্রধানমন্ত্রী বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তোবগের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুঙ্গিয়েল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লিয়নপো নামগিয়াল দরজি এবং ভুটানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
খবরওয়ালা/টিএসএন