খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 11শে অগ্রহায়ণ ১৪৩২ | ২৫ই নভেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
যশোরে পুলিশ অভিযান চালিয়ে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা এবং কিছু ধারালো অস্ত্রসহ যুবদল নেতা আল মাসুদ রানা আটক করেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ শহরের রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। আটক যুবদল নেতা আল মাসুদ রানা শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
যশোর কোতয়ালী মডেল থানার ওসি কাজী বাবুল হোসেন জানান, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, রানার বাড়িতে বোমা ও অস্ত্র রাখা আছে। এ তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ছয়টায় রানার বাড়িতে অভিযান চালানো হয়। আটককৃত রানা জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জানায় যে, তার বাড়ির উঠানের পাশে রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা সদৃশ কাচের বোতল, একটি ছোরা ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়। এসব অস্ত্র রানার কিনা তা তদন্ত করা হচ্ছে।
ওসি বাবুল হোসেন আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
যশোর নগর যুবদলের সদস্যসচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, “আল মাসুদ রানাকে অস্ত্রসহ আটক করার বিষয়টি আমি শুনেছি। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। তবে তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে আমি মনে করি।”
তিনি আরও বলেন, “এ বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি; যুবদল কখনো সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়নি এবং ব্যক্তিগত দায় দল নেবে না।”
খবরওয়ালা /এসএস