খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চাপ দেন দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য। তবে যুবরাজ সরাসরি ‘না’ বলায় ট্রাম্প ক্ষুব্ধ ও হতাশ হন।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ দুজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, গত সপ্তাহে হোয়াইট হাউজে ট্রাম্প ও যুবরাজের মধ্যে সরাসরি বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনা নিয়ে উত্তপ্ত কথাবিনিময় হয়।
প্রথমে ট্রাম্প সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি উত্থাপন করেন এবং যুবরাজকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জবাবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, তিনি ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক, তবে বর্তমানে এটি সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, গাজায় ইসরায়েলের দুই বছরের বেশি বর্বর যুদ্ধের পর সৌদিতে ইসরায়েলবিরোধী কঠোর মনোভাব রয়েছে।
বৈঠকের বেশিরভাগ সময় শালীনভাবে চললেও, ট্রাম্প যুবরাজের বর্তমান অবস্থানকে অগ্রাহ্য করতে পারতে না পেরে ক্ষুব্ধ ও হতাশ হন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুবরাজ একবারও বলেননি যে তিনি কখনোই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন না; বরং ভবিষ্যতের জন্য দরজা খোলা রেখেছেন। তবে দ্বি-রাষ্ট্র সমাধানে অনেক সমস্যা রয়ে গেছে।
এদিকে সৌদির দূতাবাস চ্যানেল-১২-এর প্রশ্নের কোনো উত্তর দেয়নি। হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন।
সূত্র: চ্যানেল-১২ ও টাইমস অব ইসরায়েল
খবরওয়ালা/টিএসএন