খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
ঘূর্ণিঝড় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার জনগণের জন্য বাংলাদেশ সরকার মানবিক সহায়তা পাঠাচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে আগামী ৩ ডিসেম্বর শ্রীলঙ্কায় ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানো হবে।
সোমবার (১ ডিসেম্বর) সরকারি একটি তথ্যবিবরণীতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিশেষ বিমানে জরুরি ভিত্তিতে এই সহায়তা পাঠানো হবে।
তথ্যবিবরণীতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ এবং এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড এই উদ্যোগে যৌথভাবে কাজ করছে।
উল্লেখ করা হয়, ঘূর্ণিঝড় ডিটওয়া’র প্রভাবে শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৫৫ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৩৬৬ জন নিখোঁজ রয়েছেন। এ বন্যায় ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
এ অবস্থায় শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছে দেশটির সরকার।
খবরওয়ালা/এসএস