শেফিল্ড ওয়েন্সডে এফসি ইংলিশ চ্যাম্পিয়নশিপে এক ভয়াবহ সংকটের মধ্যে আছে। ক্লাবটি একের পর এক শাস্তির মুখোমুখি হয়ে এখন তাদের পয়েন্ট ঋণাত্মক পর্যায়ে নেমে গেছে।
গত অক্টোবরে খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ার কারণে প্রথমবার ১২ পয়েন্ট কাটা হয়েছিল শেফিল্ডের। সেই ধাক্কা সামলে ওঠার আগেই নতুন করে আরও ৬ পয়েন্ট কর্তন করা হয়েছে। ফলে মোট ১৮ পয়েন্ট হারিয়ে তারা এখন মাইনাস ১০ পয়েন্টে অবস্থান করছে।
চলতি মৌসুমে শেফিল্ডের খেলার ধরনও হতাশাজনক। ১৮ ম্যাচে ১ জয় ও ৫ ড্রয়ে তারা মাত্র ৮ পয়েন্ট অর্জন করেছে। এই পারফরম্যান্সের সঙ্গে শাস্তি যুক্ত হওয়ায় তাদের অবস্থান টেবিলের তলানিতে নেমে গেছে। পরের মৌসুমে চ্যাম্পিয়নশিপে থাকা তাদের জন্য বিপুল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তালিকার ২৩ নম্বরে থাকা নরউইচ সিটির তুলনায় শেফিল্ড ২৩ পয়েন্ট পিছিয়ে। অবনমন এড়াতে তাদের ২৭ পয়েন্টের প্রয়োজন, যা বর্তমান অবস্থায় প্রায় অসম্ভব।
অর্থনৈতিক সমস্যার কারণে ক্লাবের আগের মালিক দেইফন সানসিরিও শাস্তি পেয়েছেন। আগামী তিন বছর তিনি কোনো ক্লাবের মালিক বা পরিচালক হতে পারবেন না।
বর্তমানে শেফিল্ড বিক্রির জন্য তোলা হয়েছে। দীর্ঘমেয়াদি সমস্যা ও ঋণাত্মক পয়েন্টের চাপের মধ্যে ক্লাবের ভবিষ্যৎ অনিশ্চিত। সমর্থকরা আশাবাদী হলেও বাস্তবতা অনেক কঠিন।
খবরওয়ালা/এসজে



