কর্মবিরতি স্থগিত করে বার্ষিক পরীক্ষায় ফিরছেন মাধ্যমিক শিক্ষকরা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করে আবার বার্ষিক পরীক্ষায় অংশ নিতে সম্মত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের স্বার্থ ও তাদের শিক্ষাকার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সেই বিবেচনায় কর্মবিরতি আপাতত স্থগিত করা হয়েছে। বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অগ্রগতির জন্য অপরিহার্য—এ উপলব্ধি থেকেই শিক্ষকরা পরীক্ষায় ফিরে আসছেন।

ফলে আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মমাফিক বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষার অনিশ্চয়তার কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিক চাপে ছিলেন। দায়িত্ববোধ থেকেই শিক্ষকেরা তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি শিক্ষকরা তাঁদের দাবিগুলো দ্রুত নিষ্পত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া সকল শিক্ষককে ধন্যবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা শেষে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, দেশের সাত শতাধিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চার দফা দাবিতে সোমবার (১ ডিসেম্বর) থেকে কর্মবিরতি শুরু করেন। এর ফলে সোমবার ও মঙ্গলবার সারা দেশে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

মাধ্যমিক শিক্ষকদের চার দফা দাবি
১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা দপ্তর’ গেজেট প্রকাশ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত বাস্তবায়ন।
৩. সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড অনুমোদন।
৪. ২০১৫ সালের পূর্বের মতো দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ সহকারী শিক্ষকদের অগ্রিম বেতন-সুবিধা পুনর্বহাল ও গেজেট প্রকাশ।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।