আফগানিস্তানে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান

ইসলামাবাদ ও ওয়াজিরিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে নতুন অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগান তালেবানকে অভিযুক্ত করে বলেছেন, পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা আশ্রয় দিচ্ছে এবং সীমান্ত পার হয়ে অভিযান চালানোর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।

মঙ্গলবার (১১ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এই তথ্য জানায়। দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশে এই ঘটনায় চরম উত্তেজনা তৈরি হয়েছে।

জিও নিউজের অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগান তালেবান সরকারের হামলার নিন্দাকে ‘অবিশ্বাসযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে।” আফগান তালেবান সরকারের সঙ্গে আলোচনার সাফল্য নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। আসিফ বলেন, “কাবুলের নেতৃত্ব চাইলে পাকিস্তানে সন্ত্রাস রোধ করতে পারে। কিন্তু ইসলামাবাদের হামলার বার্তা এসেছে কাবুল থেকেই।”

ইসলামাবাদের আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। এ ঘটনায় এক পোস্টে খাজা আসিফ লিখেছেন, “আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি। যারা মনে করছে পাকিস্তান সেনাবাহিনী শুধু সীমান্ত এলাকায় লড়ছে, ইসলামাবাদের এই আত্মঘাতী হামলায় তাদের চোখ খুলে যাবে।”

তিনি আরও বলেন, সন্ত্রাসবিরোধী এই লড়াই ‘সমগ্র পাকিস্তানের যুদ্ধ’ এবং সেনাবাহিনীর ত্যাগই জাতিকে নিরাপত্তা বোধ দিচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত বা আফগানিস্তান কেউই যদি দুঃসাহস দেখায়, পাকিস্তান সমান জবাব দেবে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না, তবে আমাদের ওপর কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে।

রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ইসলামাবাদের সন্ত্রাসী হামলা পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছে— “তোমাদের সব অঞ্চলই আমাদের নাগালের মধ্যে।” পাকিস্তান সীমান্ত বা শহর—কোথাও সন্ত্রাস সহ্য করবে না এবং প্রতিটি হামলার শক্ত জবাব দেওয়া হবে।

সূত্র: জিও নিউজ

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।