ইলিশ কিনে ফেরার পথে নিখোঁজ সেই যুবকের মরদেহ তিন দিন পর উদ্ধার

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ কিনে ফেরার পথে নৌপুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রাসেল খান (৩৫) নামের এক যুবকে মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপের বাতির খাল পয়েন্ট থেকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে নদীতে স্রোতের কারণে দীর্ঘসময় উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। রাসেল (৩৫) উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। পেশায় তিনি একজন দর্জি ছিলেন।

জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাসেল ট্রলারযোগে প্রতিবেশী তিন বন্ধুর সঙ্গে ইলিশ মাছ কিনতে যান। এ সময় নৌপুলিশের স্পিডবোটের ধাওয়ায় তেঁতুলিয়া নদীর কচুয়া-ডালিমা পয়েন্টে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।

স্থানীয়রা জানান, নিষেধাজ্ঞার মধ্যে কম দামে ইলিশ মাছ কিনতে ট্রলারযোগে রাকিব, হাসান ও মাহবুব নামে তিন বন্ধুর সঙ্গে তেঁতুলিয়া নদীতে যান রাসেল। হঠাৎ নদীতে মা ইলিশ রক্ষাকারী নৌপুলিশের অভিযান পরিচালনাকারী টহল টিমের একটি স্পিডবোট ধাওয়া করলে দ্রুত ট্রলার চালিয়েও রক্ষা পায়নি। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।

কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে পুলিশ উদ্ধার অভিযান চালিয়েও সন্ধান পায়নি। নদীতে স্রোত বেশি ছিল। মা ইলিশ রক্ষাকারী স্পিডবোট দেখে ভয়ে নদীতে লাফিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে মরদেহ ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।