এক-এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে: তারেক রহমান

বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে পারে এমনটা স্পষ্ট হওয়ার পর দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপশি বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল তা আবারও শুরু হয়েছে। বিএনপির যখন অধিকাংশ মানুষের সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তখনই মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। ওয়ান ইলেভেনের মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে।’

তারেক রহমান বলেন, ‘ধীরে ধীরে বাংলাদেশের গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে একটি বিশাল ষড়যন্ত্র গড়ে উঠেছে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতা এখন বেশি করে প্রয়োজন।’

যুক্তি-তর্ক দিয়ে নতুন ভোটারদের বিএনপির প্রতি অনুপ্রাণিত করতে অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘একটি মহল বিএনপি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এক এগারোর মতো বিএনপির বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জনগণের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের সব প্রতিকূলতা মোকাবিলা করতে হবে।’

দেশের উন্নয়নে সবসময় বিএনপি ভূমিকা রেখেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘সংসদের মাধ্যমে জবাবদিহিতার সরকারই প্রকৃত উন্নয়ন করতে পারবে। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপিই আড়াই বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছে। এগুলো তরুণ ভোটারকে বোঝাতে হবে।’

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।