খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 23শে শ্রাবণ ১৪৩২ | ৭ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গত এক বছর ধরে পড়ে থাকা জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ৬ ব্যক্তির মরদেহ দাফনের জন্য বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘ সময়েও তাদের খোঁজে কেউ না আসায় বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে পুলিশের উপস্থিতিতে মরদেহগুলো হস্তান্তর করে ঢামেক কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেসুর রহমান ও ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক আহাম্মেদ।
অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেসুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মরদেহগুলো ঢাকা মেডিকেল আসে। এদের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ। তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। আজ পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলে ছয় মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক আহাম্মেদ বলেন, ‘প্রতিটা মরদেহে আঘাতের চিহ্ন ছিল। আদালতের আদেশে আজ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হলো।’

এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংরক্ষিত ছয়টি বেওয়ারিশ মরদেহের তথ্য সামনে আনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ–অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল।
বিশেষ সেলের বিজ্ঞপ্তিতে বলা হয়, মরদেহগুলোর ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত মৃত্যু’। তবে এনামুলের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’।
পুলিশ সূত্রে জানা যায়, এই অজ্ঞাত ৬টি মরদেহের মধ্যে ৩টি যাত্রাবাড়ী থানার, ১টি পল্টন থানার ও ২ টি শাহবাগ থানার। দীর্ঘদিন তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। এখনো পর্যন্ত তাদের মরদেহ কেউ নিতে আসেনি।
খবরওয়ালা/এসআর