এবার ট্রাম্পের নজর নিউইয়র্কের নিয়ন্ত্রণ, প্রার্থী তাঁর বিশ্বস্ত এলিস স্টেফানিক

নিউইয়র্ক সিটিতে মেয়র নির্বাচনে জোহরান মামদানির কাছে তাঁর সমর্থিত প্রার্থী অ্যান্ড্রু কুমোর পরাজয় মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি নিউইয়র্ক রাজ্যের নিয়ন্ত্রণ নিতে চাইছেন। এ কারণে তাঁর ঘনিষ্ঠ রিপাবলিকান কংগ্রেসওম্যান এলিস স্টেফানিক নিউইয়র্কের গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।

২০২৬ সালের নভেম্বরে নিউইয়র্ক রাজ্যের গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হবে। স্টেফানিকের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির বর্তমান গভর্নর ক্যাথি হচুল।

নিজের লড়াইয়ের ঘোষণা দিয়ে স্টেফানিক সামাজিক যোগাযোগ মাধ্যমে হচুলকে ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে গভর্নর’ আখ্যায়িত করেন। তিনি অভিযোগ করেন, হচুলের ব্যর্থ নেতৃত্বের কারণে নিউইয়র্ক ‘দেশের সবচেয়ে ব্যয়বহুল রাজ্যে’ পরিণত হয়েছে।

স্টেফানিক ২০১৪ সাল থেকে নিউইয়র্কের ২১তম কংগ্রেসনাল আসনের প্রতিনিধি। ৪১ বছর বয়সী তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। ২০১৯ সালের প্রথম অভিশংসনের সময় তিনি ট্রাম্পের প্রধান সমর্থক ছিলেন।

স্টেফানিক হচুলকে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানিকে দেরিতে সমর্থন দেওয়ার জন্যও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, হচুল ‘নিউইয়র্ক পুলিশের তহবিল বন্ধ ও কর বৃদ্ধি উদ্যোগী কমিউনিস্ট’ জোহরান মামদানির কাছে মাথা নত করেছেন। জোহরানের এসব উদ্যোগ নিউইয়র্কের পরিবারের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।

স্টেফানিকের ঘোষণার পর গভর্নর হচুলও জবাব দিয়েছেন। তিনি স্টেফানিককে ট্রাম্পের ‘কংগ্রেসে এক নম্বর চিয়ারলিডার ও নিউইয়র্কের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধে ডান হাতের নারী’ হিসেবে অভিহিত করেছেন।

ট্রাম্প স্টেফানিককে দ্বিতীয় মেয়াদে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে মনোনয়ন দিয়েছিলেন, তবে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা বিবেচনায় পরে মনোনয়ন প্রত্যাহার করা হয়।

সাম্প্রতিক জরিপে হচুলের প্রতি সমর্থন ৫২ শতাংশ, স্টেফানিকের ২৭ শতাংশ। তবে হচুলের নেতৃত্ব নিয়ে অসন্তোষও রয়েছে; ৫২ শতাংশ ভোটার চান, ২০২৬ সালে অন্য কাউকে গভর্নর হোক।

স্টেফানিককে রিপাবলিকান প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে। হচুলও ডেমোক্রেটিক প্রাইমারিতে লেফটেন্যান্ট গভর্নর অ্যান্টনি ডেলগাডোর কাছ থেকে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। নিউইয়র্কে সর্বশেষ রিপাবলিকান গভর্নর ছিলেন জর্জ পাটাকি, ২০০৭ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।