এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওই সময়ে যদি এসএসসি বা এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাহলে তা যেন ভোটের তারিখের সঙ্গে না মিলে যায়— সেজন্য শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে কমিশন সার্বিক প্রস্তুতি নিচ্ছে।

সভায় নির্বাচন–সম্পর্কিত অবকাঠামো উন্নয়ন, ভোটকেন্দ্রের লজিস্টিকস, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্য সহায়তা এবং বাজেট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে চার নির্বাচন কমিশনার ছাড়াও স্বরাষ্ট্র, জনপ্রশাসন, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে ইসি সচিব বলেন, কমিশন ভোটকেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরে এনেছে। তিনি বলেন, ‘আমরা ভোটকেন্দ্র ও সেখানে যাওয়ার রাস্তা আগেভাগে সংস্কার করার অনুরোধ জানিয়েছি। ফেব্রুয়ারি মাসে আবহাওয়া অনুকূল থাকলেও আগেই এসব কেন্দ্রের প্রবেশগম্যতা নিশ্চিত করা দরকার।’

তিনি আরও জানান, স্থানীয় সরকার বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্বাচনি কাজে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘ইসি প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের একটি পূর্ণাঙ্গ প্যানেল তৈরি করছে। এতে সরকারি স্কুল–কলেজের শিক্ষক ও সরকারি ব্যাংকের কর্মকর্তারা থাকবেন। নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তাদের মাধ্যমেই ভোটগ্রহণ নিশ্চিত করতে চাই।’

তিনি বলেন, পরিবহন ব্যবস্থাপনা নিয়েও সভায় আলোচনা হয়েছে। দুর্গম এলাকায় হেলিকপ্টার ল্যান্ডিং সুবিধা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভোটের দিন প্রতিটি উপজেলায় এবং প্রয়োজনে ইউনিয়ন পর্যায়েও ক্লাস্টারভিত্তিক মেডিকেল টিম গঠন করা হবে— যাতে একজন চিকিৎসক, একজন নার্স ও প্রয়োজনীয় ওষুধ থাকবে।

নির্বাচনি প্রচার ও জনসচেতনতা কার্যক্রমে তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নেতৃত্বে কাজ করার বিষয়ে আলোচনা হয়। ইসি সংসদ টেলিভিশনের এয়ারটাইম এবং বিটিভি নিউজের ফ্ল্যাশ বার্তা ব্যবহার করে ভোটার সচেতনতা বাড়ানোর পরিকল্পনা করেছে।

এ ছাড়া বিদেশি পর্যবেক্ষকদের আগমনের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া দ্রুত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি সভায় জানান, ঋণখেলাপি সংক্রান্ত তথ্য হালনাগাদ ও প্রদানের জন্য তাদের ৪–৫ দিন সময় প্রয়োজন, যা ইসি অনুমোদন দিয়েছে।

বাজেট বরাদ্দ প্রসঙ্গে ইসি সচিব বলেন, অর্থ বিভাগের সহযোগিতা চাওয়া হয়েছে। সব মন্ত্রণালয় ও সংস্থাকে ব্যয়ে সাশ্রয়ী হতে নির্দেশ দেওয়া হয়েছে— প্রয়োজনীয় ব্যয় ছাড়া অপ্রয়োজনীয় খরচ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, ভোটকালীন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের যথাযথভাবে নিয়োগ নিশ্চিত করতে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

আখতার আহমেদ বলেন, প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী ও নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তাদের জন্য পোস্টাল ব্যালটের নতুন ব্যবস্থা চালু করতে কমিশন কাজ করছে। ‘আমরা পোস্টাল ভোটিংয়ের একটি ট্রায়াল অ্যাপ তৈরি করেছি, যা আগামী ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে,’ বলেন তিনি।

‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কমিশন তফসিল সংশোধন করে কিছু পুরোনো প্রতীক বাদ দিয়েছে এবং নতুন কিছু প্রতীক যুক্ত করেছে। তিনি বলেন, ‘কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য আসায় কমিশন মনে করেছে কিছু পরিবর্তন করা প্রয়োজন। “শাপলা কলি” প্রতীকটি কোনো দলের চাপের কারণে নয়, কমিশনের নিজস্ব বিবেচনায় যুক্ত করা হয়েছে।’

জুলাই জাতীয় সনদ নিয়ে নভেম্বরে গণভোট আয়োজনে আটটি রাজনৈতিক দলের দাবির বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘ইসি তাদের মতামত শুনেছে, তবে গণভোটের সিদ্ধান্ত নেবে সরকার।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।