ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে গ্রুপ টিকেট বুকিং দিয়ে অতিরিক্ত দামে বিক্রির সুযোগ বন্ধ  করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এখন সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে টিকেট বুকিং করতে হবে। তিনদিনের মধ্যে এই টিকিট ইস্যু না করলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, তিনগুণ দাম বাড়িয়ে দিবেন, এটা আর হবে না। এজন্য একটি নীতিমালাও তৈরি করা হয়েছে।

ড. খালিদ বলেন, কক্সবাজারে সুদূর অতীত হতেই সম্প্রীতির একটা আবহ বিরাজ করে আসছে। এখানে সাম্প্রদায়িক কোনো নৈরাজ্য, কোনো ভুল বুঝাবুঝি নেই। এ মসজিদের মাধ্যমে ভ্রাতৃত্বের এই পয়গাম কক্সবাজারের ছড়িয়ে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ মডেল মসজিদে একসাথে ১১০০ জন পুরুষ নামাজ আদায় করতে পারবে। এখানে মহিলা ও শারীরিক কিংবা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আলাদা অযুখানা ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও গাড়ি পার্কিং, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, পাঠাগার, ইমাম প্রশিক্ষণসহ বিভিন্ন আঙ্গিকে এ মডেল মসজিদটি সাজানো হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ  সালাহ্উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মডেল মসজিদ প্রকল্পের প্রকল্প পরিচালক শহীদুল আলমসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারাদেশে সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। ইতোমধ্যে সাড়ে তিনশত মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।