কড়াইল বস্তিতে আগুনে নিঃস্ব হাজারো পরিবার

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে হাজারো বাসিন্দা সবকিছু হারান। দিনের আলো ফুটতেই আগুনের ধ্বংসযজ্ঞ স্পষ্ট হয়। সারারাত আগুনের সঙ্গে লড়ে বেঁচে যাওয়া মানুষরা সকালে ফিরে দেখেন—তাদের সব কিছুই ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে আগুনের খবর পান ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ১১টি ইউনিট এবং পরে আরও ৯টি ইউনিট যোগ দেয় আগুন নেভাতে। ঘন বসতির কারণে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের অক্লান্ত চেষ্টায় রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে ঘরপোড়া মানুষের আহাজারিতে পরিস্থিতি ভারী হয়ে ওঠে। আগুনের তীব্রতায় অনেক বাসিন্দা নিজেদের আশ্রয়স্থলে যেতে পারছেন না এবং দূর থেকে বিলাপ করছেন। কেউ কেউ খোলা মাঠে আশ্রয় নিয়েছেন।

কড়াইল বস্তির বাসিন্দা মো. হানিফ জানান, তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন। মাগরিবের আজানের কিছুক্ষণ আগে আগুন লাগে। খবর পান ১০-১৫ মিনিট পরে। দ্রুত নিজের বাসস্থানের দিকে ছুটে আসেন, কিন্তু ততক্ষণের মধ্যে সব পুড়ে গেছে। ভাগ্য ভালো তার স্ত্রী তখন বাসায় ছিলেন না, তাই দগ্ধ হওয়ার ঝুঁকি এড়াতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত আরেক বাসিন্দা জয়নুলও রাজমিস্ত্রির কাজ করেন। আগুনের খবর শুনে দ্রুত কর্মস্থল থেকে ছুটে আসেন। তবে ঘরের কাছে যেতে পারেননি। বাসায় স্ত্রী-সন্তান ছিলেন। প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরেছেন তারা নিরাপদে আছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সঙ্গে দেখা হয়নি।

আরেক বাসিন্দা লাভলী বলেন, “আমার সব পুড়ে শেষ, কিচ্ছু নেই। সাত বছর ধরে বস্তিতে আছি। অনেক কষ্টে টিভি, ফ্রিজসহ আসবাবপত্র কিনেছি। আগুন সব শেষ করে দিল।”

গার্মেন্টসকর্মী নাসিমা বেগম জানান, বোনের ফোনে আগুনের খবর পান। বস্তিতে ছুটে আসেন। তিনি বলেন, “শুনেছি আমার ঘর পুড়ে গেছে, সব জিনিস শেষ হয়ে গেছে।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।