কোনো দেশ যেন নির্বাচনে থাবা মারার সুযোগ না পায়: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এতে অন্য কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ যেন না থাকে। এজন্য নির্বাচন আয়োজনে সর্বস্তরের সহযোগিতা চেয়েছেন তিনি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

ড. ইউনূস বলেন, এবারের নির্বাচন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে হবে। যারা আগে ভোটে অংশ নিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাদেরও এবার ভালো অভিজ্ঞতা দেওয়া হবে। কেউ যেন বলতে না পারেন যে ‘আমাকে ভোট দিতে দেওয়া হয়নি’।

তিনি সতর্ক করেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা বিভিন্নভাবে বাধা দেবে। নির্বাচন বানচাল করার চেষ্টা করবে এবং এমন পরিস্থিতি তৈরি করবে যাতে ভোট কার্যক্রমে ব্যাঘাত ঘটে। এগুলোর কিছু লক্ষণ ইতোমধ্যেই দেখা যাচ্ছে, তাই সকলকে আরও সতর্ক থাকতে হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এবারের নির্বাচন শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের নয়, এটি সবার ও সব রাজনৈতিক দলগুলোর নির্বাচন। এই নির্বাচনের উদ্দেশ্য হলো ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ করা। তিনি বলেন, ‘নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর, সাহস অর্জনের এবং নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন।’

শফিকুল আলম জানান, ড. ইউনূস সবাইকে সতর্ক থাকতে বলেছেন, প্রতি পদে বাধা আসতে পারে এবং অনেকে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইবে। তাই সবাইকে একসঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া আসন্ন দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখারও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, ‘যদি কেউ গণ্ডগোল করার চেষ্টা করে, আমরা সবাই সতর্ক থাকব। এবারও উৎসবমুখর পরিবেশে সারাদেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।’

 

খবরওয়ালা/এন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।