চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর হাজী বাড়িতে সাপের কামড়ে আবু নাঈম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গত শনিবার (২৩ আগস্ট) রাতে। সে ওই বাড়ির আবু মুছার ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নাঈম তার ভাগিনা আয়ান (৪)-এর সঙ্গে লুকোচুরি খেলছিল। ভাগিনাকে ফাঁকি দিতে সে খাটের নিচে লুকায়। এ সময় উপুড় হয়ে থাকা অবস্থায় একটি ছোট গর্তে তার হাত পড়ে এবং কিছু একটা কামড় দিয়েছে বুঝতে পেরে সে খাটের নিচ থেকে বেরিয়ে আসে। হাতের তালুতে একটি ছোট ছিদ্র ও রক্ত দেখে তার মা ও বোন তাৎক্ষণিক তার হাতে রশি বেঁধে এক কবিরাজের কাছে নিয়ে যান।
এর এক ঘণ্টা পর তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়, যেখানে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই সে মারা যায়। নাঈমের বাবা আবু মুছা জানান, তিনি থেরাপি নিতে চাঁদপুর শহরে গেলে তার বড় মেয়ে তাকে ফোন করে ঘটনাটি জানায়। তিনি দ্রুত বাড়িতে ফিরে এসে ছেলেকে রাত ৯টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে তাকে দুটি ইনজেকশন কিনে আনতে বলা হয়।
তিনি আরও বলেন, ইনজেকশন দেওয়ার পর রক্ত পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয় এবং ছেলেকে বেডে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে সে ছটফট শুরু করলে হাসপাতাল থেকে তাকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়। এর কিছু পরেই হাসপাতালের বেডে তার ছেলে মারা যায়। আবু মুছা অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই তার ছেলে মারা গেছে।
স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন মেম্বার সাপের কামড়ে নাঈমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গতকাল রবিবার (২৪ আগস্ট) বাদ জোহর নাঈমের জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
খবরওয়ালা/টিএসএন



