গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ২৬ ফিলিস্তিনি, আহত ৫০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

এ অঞ্চলটিতে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৮১০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন এক লাখ ১৫ হাজার ৬৮৮ ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি বাহিনীর নতুন করে বিমান হামলা চালিয়েছে, এত কমপক্ষে আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় একটি বাড়িতে ইসরাইলি যুদ্ধবিমান হামলায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। উত্তর-পশ্চিম গাজা শহরের একটি আশ্রয় কেন্দ্রের কাছে বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলায় আরও চারজন নিহত হয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, পশ্চিম গাজা শহরের আরেকটি হামলায় সাবেক একজন ফুটবল খেলোয়াড়ও নিহত হয়েছেন।

এছাড়া দক্ষিণ-পশ্চিম গাজা শহরের তাল আল-হাওয়া এলাকায় কাঠ সংগ্রহ করতে থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ড্রোন হামলায় আরও দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র জানিয়েছে।

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে আরও একজন ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। এছাড়াও, একই শহরে আগের ইসরাইলি বিমান হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত তাঁবু লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় তিন শিশুসহ ছয়জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন।

দক্ষিণ গাজার ইউনিভার্সিটি কলেজের কাছে বাড়িগুলোতে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে আরও একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজা শহরের উপকূলীয় অঞ্চলের দিকেও ইসরাইলি হামলা শুরু হয়েছে, তবে আহতদের সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে গোলাগুলির খবর পাওয়া গেছে।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরাইলি বিমান হামলায় প্রায় এক হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন। ইসরাইলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।