ডাকসু নির্বাচনের ফল ঘোষণা কখন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে আজ যেন উৎসবের আবহ। সকাল থেকে শুরু হওয়া বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল চারটায়। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়তেই ভোটকেন্দ্রগুলোর ভেতর শুরু হয়েছে গণনার ব্যস্ততা। চারপাশে তখনো শিক্ষার্থীদের কৌতূহলী ভিড়—কারা হচ্ছেন আগামী দিনের নেতৃত্বের প্রতীক, সেই উত্তর পেতে তাদের চোখ এখন রিটার্নিং অফিসের দিকে।

রাত ১১টা থেকে ১২টার মধ্যেই প্রকাশ হবে চূড়ান্ত ফলাফল—এমনটাই জানিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী। তার ভাষায়, ‘৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমরা ধারণা করছি। রাত ১১টা বা ১২টার মধ্যে ফলাফল প্রকাশ হয়ে যাবে।’

আজকের নির্বাচনে ভোটার তালিকায় ছিলেন মোট ৩৯ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৫৯, আর ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন। দুপুর ১টার মধ্যেই অধিকাংশ ভোট পড়ে যায়। শেষ পর্যন্ত ভোটের হার দাঁড়ায় ৮০ শতাংশেরও বেশি।

শিক্ষার্থীরা সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দিনভর ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকে সেলফি তুলেছেন, কেউ আবার ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে বন্ধুবান্ধবের সঙ্গে প্রাণখোলা আড্ডায় মেতেছেন।

ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে ১৩টি করে মোট ২৩৪টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন। আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল এ নির্বাচনে অংশ নিচ্ছে। এর বাইরে আরও আছেন বহু স্বতন্ত্র প্রার্থী।

প্রতিটি হলে নির্বাচনের পরিবেশ ছিল রীতিমতো উৎসবমুখর। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাকসুর নেতৃত্ব নিয়ে তাদের প্রত্যাশা অনেক। কারও মতে, নতুন নেতৃত্বের হাতে বিশ্ববিদ্যালয় পাবে পরিবর্তনের ছোঁয়া, কেউ আবার ভোটের লড়াইকে দেখছেন ছাত্ররাজনীতির পুরনো ধারা ভাঙার এক সুযোগ হিসেবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।