প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রসিকিউটররা। ২০২৩ সালের মার্চে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তবে মরক্কোর এই আন্তর্জাতিক ফুটবলার শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন।
ফ্রান্সের নঁতের প্রসিকিউটররা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাঁরা বিষয়টি তদন্তকারী বিচারকের কাছে ফৌজদারি আদালতে পাঠানোর অনুরোধ জানিয়েছেন। প্রসিকিউটর দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘বিচারকের আদেশের ভিত্তিতেই আদালত সিদ্ধান্ত নেবে।’
২৬ বছর বয়সী হাকিমি গত মে মাসে ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালে গোল করে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ে নেতৃত্ব দেন। এছাড়া ২০২২ সালের কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনালে ওঠার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
ধর্ষণের অভিযোগটি নিয়ে বলা হয়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি হাকিমির স্ত্রী ও সন্তানরা ছুটিতে বাইরে থাকাকালে তিনি ইনস্টাগ্রামে পরিচিত ২৪ বছর বয়সী এক নারীকে প্যারিসের উপকণ্ঠ বোলোন-বিয়াঁকুরে নিজের বাড়িতে ডাকেন। ওই নারী জানান, হাকিমির খরচে একটি ট্যাক্সিতে করে তিনি তাঁর বাড়িতে যান। সেখানেই হাকিমি তাঁর ওপর যৌন আগ্রাসন চালান এবং সম্মতি ছাড়াই তাঁকে ধর্ষণ করেন—এমন অভিযোগ করেছেন ওই নারী।
ঘটনার পরপরই ওই নারী পুলিশের কাছে যান এবং ঘটনার বর্ণনা দেন। পুলিশ সূত্র জানায়, তিনি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে না চাইলেও প্রসিকিউটররা বিষয়টি আমলে নিয়ে হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এখন বিষয়টি বিচারকের আদেশের অপেক্ষায়। আদালত সিদ্ধান্ত নিলে হাকিমিকে ফৌজদারি বিচারের মুখোমুখি হতে হবে।
খবরওয়ালা/এন



