নতুন ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা, আঘাত হানতে পারে যেসব উপকূলে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন নিম্নচাপে রূপ নিয়েছে। নিম্নচাপ কেন্দ্রের চারপাশে প্রায় ৪৪ কিলোমিটার এলাকাজুড়ে বাতাসের গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আগামী ২৬ অক্টোবর গভীর নিম্নচাপে এবং ২৭ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মন্থা’, যা থাইল্যান্ড প্রস্তাবিত নাম। স্থানীয় ভাষায় ‘মন্থা’ শব্দের অর্থ ‘সুগন্ধি ফুল’ বা ‘সুন্দর ফুল’।

শনিবার (২৫ অক্টোবর) ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) এমন পূর্বাভাস দিয়েছে। সংস্থার তথ্যমতে, ঘূর্ণিঝড় ‘মন্থা’র সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় তিন ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, প্রথমে ঝড়টি ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে আঘাত হানতে পারে। তবে এর দিক পরিবর্তন হলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও এর প্রভাব পড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (২৪ অক্টোবর) এক বিশেষ সতর্কতা জারি করেছে। সেখানে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আপাতত গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে সরাসরি আঘাত হানলেও বাংলাদেশের উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরগুনা, কক্সবাজার, চট্টগ্রাম ও খুলনায় এর প্রভাব পড়তে পারে। ঝড়ের সময় ভারী বৃষ্টিপাত, জোয়ার ও দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় উপকূলীয় এলাকায় আগাম প্রস্তুতি গ্রহণ ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।