নিবন্ধনে ২০০ ভোটারের শর্ত পূরণ করতে পারেনি এনসিপি!

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছিল ১৪৪টি দল। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই নিবন্ধনের শর্ত শতভাগ পূরণ করতে পারেনি।

নিবন্ধনে আগ্রহী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২৫ উপজেলায় প্রয়োজনীয় ২০০ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। ইসি তাদের এসব ত্রুটি সংশোধনের জন্য ১৫ দিন সময় দিয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে সব দলেই তথ্যের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে ১৫ দিনের সময় দিয়ে চিঠি পাঠানো হচ্ছে।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে ইসি থেকে দেওয়া চিঠিতে দলের আবেদনে বেশ কিছু ত্রুটি তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ঠিকানাসহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা না দেওয়া, ২৫টি উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর না পাওয়া, এবং আবেদনের সঙ্গে সংযুক্ত তহবিলের বিবরণীতে তহবিলের পরিমাণ উল্লেখ না থাকা।

এছাড়াও দলের গঠনতন্ত্রেও ত্রুটি রয়েছে। চিঠিতে বলা হয়েছে, দলটির গঠনতন্ত্রে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কর্তৃক প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার বিধান নেই এবং দলের প্রধানের প্রত্যয়নপত্র সংযুক্ত করা হয়নি।

ইসি সূত্র জানিয়েছে, মঙ্গলবার থেকে ধাপে ধাপে ১৪৪টি দলকে ত্রুটি সংশোধনের জন্য চিঠি দেওয়া হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে তথ্য সরবরাহ না করলে দল নিবন্ধন পাওয়ার অযোগ্য বিবেচিত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন প্রত্যাশী দলগুলোর আবেদন যাচাই-বাছাই চলছে। দৈনিক আজকের পত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।