নির্বাচনে বাধা দিলে মানুষ মানবে না: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের সংবিধানে ‘পিআর’ (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) বলে কোনো শব্দ নেই। ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই প্রতিটি সংসদীয় আসনে নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে কেউ টালবাহানা বা বাধা দিলে দেশের মানুষ তা মেনে নেবে না।

শনিবার (৩০ আগস্ট) নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শহরের মোক্তারপাড়া মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, ফ্যাসিবাদ উৎখাত করেছি। অথচ কিছু শক্তি এখনো সেই ভোটাধিকার বানচালের ষড়যন্ত্র করছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে, কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র ও স্বাধীনতার স্বার্থে কেউ নির্বাচনে বাধা দেবেন না। সারাদেশে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে, আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হোক। সংবিধানের ৬৫ অনুচ্ছেদের ২ উপধারায় স্পষ্টভাবে বলা আছে নির্বাচন কিভাবে হবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর। উদ্বোধন করেন যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল। এছাড়া বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রমুখ।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ অক্টোবর জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

খবরওয়ালা/আশ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।