‘নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার। 

শুক্রবার (৮ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘দেশে এখনো জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডও অনুপস্থিত। সরকার যদি সদিচ্ছা দেখায় ও সক্ষমতা প্রমাণ করে, তাহলে আগামী ছয় মাসেই নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব।’

জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাপার মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টি সরকারের ভূমিকা পর্যবেক্ষণ করছে, সে অনুযায়ী আমরা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেব।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘নির্বাচন কমিশন এখন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। অনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে তারা সংলাপে বসছে, অথচ নিবন্ধিত দলের অধিকার রক্ষা নিয়ে তাদের আগ্রহ নেই। সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশ গৃহযুদ্ধের পথে এগোতে পারে।’

দলীয় বিরোধ নিয়ে শামীম হায়দার বলেন, যেসব ব্যক্তিকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, আদালতের রায় অনুযায়ী তারা এখনো বহিষ্কৃতই আছেন। তারা কাউন্সিল ডাকতে বা কোনো কার্যক্রমে অংশ নিতে পারে না। কেউ কেউ আদালতের রায়কে ভুল ব্যাখ্যা দিয়ে নিজেদের নেতা দাবি করছে, যার কোনো আইনি ভিত্তি নেই।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।