নোয়াখালীতে ছাত্রদলের কমিটিতে শিবির নেতার নাম

নোয়াখালীর চাটখিল কামিল মাদ্রাসায় জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটিতে এক শিবির নেতাকে সিনিয়র সহ-সভাপতি করার ঘটনায় বিতর্ক দেখা দিয়েছে। 

এ ঘটনায় ওই শিবির নেতা শেখ ফরিদ নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন।

শেখ ফরিদ বর্তমানে নোয়াখালী সরকারি কলেজে পড়াশোনা করছেন এবং চাটখিল উত্তর থানা শাখা শিবিরের অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, ২০২০ সালে চাটখিল কামিল মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে ফরিদ লিখেছেন,“আমার নাম ছাত্রদলের কমিটিতে ব্যবহার করা হয়েছে, অথচ আমি কিছুই জানতাম না। আমি শিবির করি, ছাত্রদলে যাওয়ার প্রশ্নই আসে না।”

এ বিষয়ে কমিটির সভাপতি ফাহাদ হোসেন বলেন, “ফরিদ আমাদের কাছে তার তথ্য দিয়েছিল। তখন সে বলেনি যে শিবির করে। পরে জানিয়েছে।” তবে ফরিদ দাবি করেন, “বন্ধু হিসেবে তথ্য নিয়েছিল ফাহাদ। কমিটিতে নাম দেওয়ার বিষয়ে আমার সঙ্গে কোনো কথা হয়নি। আসলে ফাহাদ জানতই যে আমি শিবির করি।”

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নোয়াখালী জেলা (উত্তর) শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন,“ছাত্রদল শিক্ষার্থীবান্ধব কাজ না করে ট্যাগিংয়ের রাজনীতি করেছে। এখন লোক সংকটে আমাদের নেতাদেরও কমিটিতে ঢুকিয়ে দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর চাটখিল কামিল মাদ্রাসাসহ সারাদেশে একদিনে ৭০টি নতুন কমিটি ঘোষণা করে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব কমিটির অনুমোদন দেন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।