নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বিয়েবাড়িতে হামলা, আহত ৮

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনায় বিয়েবাড়িতে হামলার ঘটনায় একই পরিবারের আটজন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আবদুর রশিদ মোল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরদিন রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, আবদুর রশিদ মোল্লার ছেলে আলমগীর হোসেনের বৌভাত অনুষ্ঠান শেষে নবাগত অতিথিদের বিদায় জানাচ্ছিলেন পরিবারের সদস্যরা। এ সময় বাড়ির সামনে গাড়ি দাঁড়ানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী মসজিদবাড়ির মোহাম্মদ আলীর ছেলে শামছুর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শামছুর নেতৃত্বে তার ভাই হোসেন, মারুফসহ আরও কয়েকজন আবদুর রশিদের পরিবারের ওপর হামলা চালায়।

হামলায় পিটিয়ে ও কুপিয়ে আহত হন আবদুর রশিদ মোল্লা, তার স্ত্রী সেলিনা আক্তার, পুত্র আমির হোসেন, বেলাল হোসেন, সহেল, আলমগীর, মেয়ে ফেরদৌসি এবং বেয়াইন নাসরিন আক্তার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ সময় হামলাকারীরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর আবদুর রশিদ মোল্লার ছেলে সহেল হোসেন বাদী হয়ে শামছুসহ নয়জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বাড়িতে পাওয়া যায়নি, মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।