পোলট্রি খামারিদের কর্মসূচি প্রত্যাহার: উৎপাদন চলবে আগের মতো

পহেলা মে থেকে সারাদেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটি জানিয়েছে, সরকারের আশ্বাস ও প্রাথমিক পদক্ষেপে প্রান্তিক খামারিরা সন্তুষ্ট হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় বিপিএ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিপিএ নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রান্তিক খামারিরা।

বৈঠকে খামারিরা খাদ্য, বাচ্চা ও ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে ১০ দফা দাবি উত্থাপন করেন। বিষয়গুলো শুনে ডিজি তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন এবং জানান, পোলট্রি খাদ্যের মূল্য কেজিতে ১ থেকে দেড় টাকা কমানো হয়েছে, যা ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। এছাড়া ফিড, বাচ্চা ও ওষুধের দাম নিয়ন্ত্রণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন ‘শাহরুখ স্মারকলিপি’ নামক একটি লিখিত দাবি জমা দেয় প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজির কাছে। ডিজি ন্যায্য দামে ডিম-মুরগি বিক্রি নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারের এই সময়োপযোগী পদক্ষেপে আমরা আশাবাদী। তাই সরকারের প্রতি আস্থা রেখে এবং জনগণের স্বার্থে ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করছি।’

বিপিএ আরও জানায়, আগামী ১ মে থেকে দেশের সব খামার পুরোদমে চালু থাকবে এবং তারা সরকারের নিয়ম মেনে বৈধভাবে খামার পরিচালনা করবেন। তবে ১০ দফা দাবি বাস্তবায়নে গড়িমসি হলে ভবিষ্যতে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।