বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল সংকট আসলে কি?

দেশে প্রাথমিক পর্যায়ে কমপক্ষে ১১ ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে। সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ইবতেদায়ি ও কওমি মাদ্রাসা, ইংরেজি মাধ্যম বিদ্যালয়, এনজিও পরিচালিত শিক্ষা কেন্দ্র, শিশু কল্যাণ ট্রাস্ট স্কুল—সবকটি প্রতিষ্ঠান ভিন্ন কারিকুলাম অনুসরণ করে। সরকারি বিদ্যালয় সাধারণ শিক্ষা কারিকুলাম অনুসরণ করে, আর মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম বিদ্যালয় সম্পূর্ণ নিজস্ব কারিকুলাম চালায়।

মাধ্যমিক পর্যায়েও ছয় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান—সরকারি, বেসরকারি, কারিগরি, ইবতেদায়ি, কওমি মাদ্রাসা এবং ইংরেজি মাধ্যম বিদ্যালয়। এখানেও কারিকুলাম ও শিক্ষার মানে পার্থক্য আছে। এ কারণে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও উল্লেখযোগ্য। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়ার হার ৩৫.৪০ শতাংশ, মাদ্রাসায় ৪০.২৫ শতাংশ, আর কারিগরিতে ২৭.৭৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক পর্যায়ে যথাক্রমে ১৬.৯৭, ২৯.২৯ এবং ৪২.৬৫ শতাংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা এসডিজির শিক্ষাসংক্রান্ত লক্ষ্য পূরণের ক্ষেত্রে যথাযথ অবস্থানে নেই। বিশেষ করে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ধারার শিক্ষা ও সরকারের কার্যকর পরিকল্পনার অভাব শিক্ষাকে বৈষম্যমূলক করে তুলেছে।

ড. সালাম বলেন, “প্রাথমিক পর্যায়েই শিশুর চিন্তা-চেতনা ও দক্ষতার ভিত্তি তৈরি হয়। যদি এ পর্যায়ে বিভাজন থাকে, তবে তার প্রভাব পরবর্তী প্রতিটি স্তরে পড়ে। বর্তমানে সরকারি প্রাথমিক, মাদ্রাসা, কিন্ডারগার্টেন ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মধ্যে চিন্তাভাবনা ও দক্ষতায় বিস্তর পার্থক্য লক্ষ্য করা যায়। এছাড়া শিক্ষার ব্যয়ও প্রতিষ্ঠানভেদে ভিন্ন। ফলে দেশের সামাজিক ও আর্থিক বৈষম্য প্রাথমিক পর্যায় থেকেই শিশুর মুখোমুখি হয়।”

ড. সালাম বলেন, “সরকারের উচিত ছিল একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের মৌলিক শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষা ব্যয়েও সামঞ্জস্য আনা। কিন্তু হতাশার বিষয় হলো শিক্ষাকে এখনও কোনো সরকারের আমলেই অগ্রাধিকার দেয়া হয় না। সরকারকে অবশ্যই অন্তত অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে হবে।”

গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, “নারী শিক্ষার্থীর অংশগ্রহণ বৃদ্ধি ও যোগ্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ভালো অগ্রগতি করেছে। তবে মাধ্যমিক স্তর পর্যন্ত অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিত করা নিয়ে আমরা এখনও পিছিয়ে। এখানে প্রতিষ্ঠানের ভিত্তিক বৈষম্য বিরাজ করছে। অভিভাবক যত বেশি অর্থ ব্যয় করতে পারবেন, তাদের সন্তান তত মানসম্মত শিক্ষা পাবে। এটি দূর করা জরুরি।”

বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে শিক্ষার মানের অভিন্নতা ও অন্তর্ভুক্তিমূলক নীতি নিশ্চিত না হলে এসডিজি লক্ষ্য অর্জন কঠিন হবে। সরকারের কাছে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে নীতি ও বাজেটে যথাযথ বরাদ্দের প্রয়োজন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।