বাংলাদেশ থেকে সাড়ে ১৬ টন ওষুধ ও ত্রাণ যাচ্ছে মিয়ানমারে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে জরুরি ভিত্তিতে বাংলাদেশ থেকে ১৬.৫ টন ওষুধ, তাঁবু ও ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।

রবিবার (৩০ মার্চ) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন ও প্ল্যানিং) বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমীন।

তিনি বলেন, ‘শক্তিশালী ভূমিকম্পের ফলে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট দেখা দিয়েছে। এছাড়া জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি বাংলাদেশ মর্মাহত।’

মিয়ানমার সরকারকে সহায়তার বিষয়ে আলিমুল আমীন বলেন, ‘প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ থেকে ত্রাণসামগ্রী এবং উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা দল পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। আজ প্রাথমিকভাবে সেনাবাহিনী ও বিমান বাহিনীর দুটি পরিবহন বিমানে জরুরি ত্রাণ নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনে যাচ্ছে।’

তিনি জানান, সাড়ে ১৬টন ত্রাণের মধ্যে রয়েছে, শুকনো রেশন, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, তাঁবু, মশারি ও সোলারলাইটসহ জরুরি আরও কয়েকটি জিনিস।

সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক বলেন, ‘মিয়ানমারে উদ্ধার অভিযানের জন্য সশস্ত্র বাহিনীর ২৬ সদস্যের বিশেষজ্ঞ অনুসন্ধান উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিসের ১০ সদস্যের উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। এছাড়া চিকিৎসা সেবার জন্য সেনাবাহিনী থেকে ১০ সদস্য এবং বেসামরিক ডাক্তারদের থেকে ১১ সদস্যের দুটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।’

মিয়ানমার সরকার গ্রহণ করলে এসব টিম পাঠানো হবে বলে জানিয়েছেন আলিমুল আমীন।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।