জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী মন্তব্য করেছেন যে, বিএনপি ও জামায়াতের মধ্যে সৃষ্টি হওয়া অনৈক্যের কারণে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, দুটি দলের নিজেদের মধ্যে তর্ক-বিতর্ক এবং কর্মসূচির দ্বন্দ্বের ফলে আওয়ামী লীগ রাজনৈতিক ফাঁকে জায়গা তৈরি করতে সক্ষম হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর রূপায়ন টাওয়ারে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় কৃষকদের বঞ্চনা ও ন্যায্যতার বিষয় নিয়ে তিনি এই মন্তব্য করেন। সভায় নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘‘আজকে জামায়াত আর বিএনপি নিজেদের মধ্যে একে অপরের বিরুদ্ধে কর্মসূচি দিয়ে বিরোধীতা করছে, আর এই স্রোতে আওয়ামী লীগ তৃতীয় শক্তি হিসেবে ঢুকছে। শেখ হাসিনার দল মাঝখানে চুপ থেকে এ পরিস্থিতির সুবিধা নিচ্ছে।’’
তিনি ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে বাংলাদেশের বিচার বিভাগের একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যা দেন। এ বিষয়ে তিনি বলেন, ‘‘রায় আসার আগে আওয়ামী লীগ তাদের অর্থনৈতিক কাঠামো থেকে ভয় ছড়িয়ে দিয়েছে, তারা আগুন সন্ত্রাসসহ বিভিন্ন ধরনের উসকানি দিয়েছে।’’
এছাড়াও, এনসিপির এই নেতা সরকার বিরোধী বক্তব্যের জন্য তারেক রহমানকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘‘যে রাষ্ট্রনায়ক ভবিষ্যতে আসবেন, তিনি বলেন আলুর দামই গণভোটের চেয়ে বেশি প্রাসঙ্গিক। এটা অজ্ঞতা হতে পারে, কিন্তু যদি তিনি জানতেন যে যাকে তিনি এমপি নমিনেশন দিচ্ছেন, সেই ব্যক্তিই কৃষকদের ওপর চাপ সৃষ্টি করে আলুর দাম বাড়াচ্ছে, তাহলে তিনি হয়তো এসব কথা বলতেন না।’’
নাসীরুদ্দীন পাটোয়ারী কৃষকদের ওপর দায় চাপানো এবং বাজারে অস্থিরতা সৃষ্টির জন্য বিএনপির দৃষ্টিভঙ্গি ‘অপরাজনীতি’ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে রাজনীতিতে শালীনতা ও সংযম রাখার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ন সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং অন্যান্য নেতৃবৃন্দ, যারা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন।



