ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, মৃত ৩০

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে টানা বর্ষণের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে তিন লাখের বেশি মানুষ। বুধবার পর্যন্ত রাজ্যের ২৩টি জেলা বন্যাকবলিত ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য শতাধিক ত্রাণশিবির খোলা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, ১৯৮৮ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি তহবিল চেয়েছেন তিনি।

কৃষিক্ষেত্রে বড় ধাক্কা লেগেছে বন্যায়। ভারতের ‘খাদ্যভান্ডার’ হিসেবে পরিচিত পাঞ্জাবে প্রায় এক লাখ ৪৮ হাজার হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। ধান ও গম উৎপাদনে শীর্ষ সরবরাহকারী এ রাজ্যের বিপুল জনগোষ্ঠী জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে।

সতলজ, বিয়াস ও রাভি নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে বহু গ্রাম প্লাবিত হয়েছে। উদ্ধারকাজে সেনা, নৌ ও বিমানবাহিনীসহ একাধিক দুর্যোগ মোকাবিলা দল কাজ করছে। ইতোমধ্যে ৩৫টি হেলিকপ্টার ও শতাধিক নৌকা ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু ও পশ্চিমা আবহাওয়ার মিশ্রণে অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। শুধু ভারতের পাঞ্জাব নয়, সীমান্তের ওপারে পাকিস্তানের পাঞ্জাবেও ভয়াবহ বন্যায় প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।