খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিশ্ব ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইনস ডে) পালন না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্টে এ আহ্বান করা হয়।
ছাত্রশিবির শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্রশিবির তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানায়। পোস্টে সংযুক্ত ফটোকার্ডে লেখা ছিল, ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়। ভালোবাসা দিবসকে না বলুন, সুস্থ সংস্কৃতির বিকাশ করুন।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪০ মিনিটে ছাত্রশিবিরের পেজ থেকে আরও একটি ফটোকার্ড শেয়ার করা হয়, যেখানে অভিভাবকদের উদ্দেশে বলা হয়, ‘সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার ছেলে-মেয়েদের সঙ্গে সময় ব্যয় করুন। সন্তানকে একা ছেড়ে দেবেন না।’
এরপর সকাল ৯টা ২৭ মিনিটে আরেকটি পোস্ট দিয়ে সংগঠনটি আবারও জানায়, ‘ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়।’
ছাত্রশিবিরের এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সংগঠনটি বরাবরই পশ্চিমা সংস্কৃতির প্রভাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে।
খবরওয়ালা/আরডি



